গোপালগঞ্জে বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৭:১৪:৩৪
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অঙ্গনে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। গত ছয় দিনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মোট ১৬ জন নেতাকর্মী দলীয় পদ কিংবা রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

গত ১৭ থেকে ২২ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন, ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, শারীরিক অসুস্থতা এবং দলীয় কর্মকাণ্ডে অসন্তোষের কথা উল্লেখ করেছেন অনেকে। কয়েকজনের দাবি, তাঁদের অজান্তেই দলীয় পদ দেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পদত্যাগের ঘোষণা দেওয়া ১৬ জনের মধ্যে দুজন ছাড়া বাকি ১৪ জন এসব ঘটনার পর নিজেদের সিদ্ধান্ত জানান।

সর্বশেষ রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়ার ঘোষণা দেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার পর বিভিন্ন পরিস্থিতিতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। তবে ইউনিয়ন পর্যায়ে দলটির বর্তমান কর্মকাণ্ড তাঁর পছন্দ না হওয়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতাকেও পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে ১৭ নভেম্বর সংবাদ সম্মেলনে বিএনপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।

১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে পদত্যাগের ঘোষণা দেওয়া অন্য বিএনপি নেতারা হলেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনিস লস্কর ও বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

অন্যদিকে, ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম। একই মাধ্যমে দলীয় পদ ছাড়ার কথা জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।

এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ এক ভিডিও বার্তায় রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেন।

এদিকে, গণঅধিকার পরিষদের জেলা পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি ফেসবুকে পদত্যাগের বিষয়ে পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কোনো পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। দু-একজনের পদত্যাগে দলের সাংগঠনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন ওই নেতা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট