ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম দাবি করেন, রাত সাড়ে ৩টার দিকে তাঁর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। একই সঙ্গে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা ও মা ছিলেন বলে জানান ডাকসু ভিপি। তাঁর ভাষ্য অনুযায়ী, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পক্ষের ছাত্র-জনতাকে ভয় দেখানো এবং রাজনৈতিকভাবে দমিয়ে রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালানো হচ্ছে। তবে এসব ঘটনায় তাঁদের আন্দোলন থামবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পেট্রোলবোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে তাঁদের অবস্থান থেকে সরানো যাবে না। দেশে আওয়ামী রাজনীতির পুনর্বাসন ঠেকানোর অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন ডাকসু ভিপি।
সদ্য সংবাদ/এসএস