ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে বিষয়টি জানান।
পুলিশ জানান, এ ঘটনায় চারজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। চতুর্থ ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ওসি জানান, সন্দেহভাজন ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাস্থল পরিদর্শনে রোববার সকালে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যান।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, রাতে ছাদে বিকট শব্দ শুনে ঘুম ভাঙলে বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির চারপাশে আগুন দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন। ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।
সদ্য সংবাদ/এসএস