বাংলার রাজনৈতিক পালাবদল, অর্থনৈতিক বিকাশ ও ঔপনিবেশিক শাসনের প্রভাব নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। রোজ একাডেমির আয়োজনে ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশনে ইতিহাসের বিভিন্ন সময়কাল ও গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করেন তিন শিক্ষাবিদ ও গবেষক।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলে।
দিনব্যাপী আয়োজনে আলোচক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।
প্রশিক্ষণের প্রথম পর্বে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ থেকে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ পর্যন্ত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন বিশ্লেষণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। আলোচনায় উঠে আসে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা। পাশাপাশি বঙ্গভঙ্গ, ভদ্রলোক শ্রেণির অবস্থান এবং পূর্ব বাংলার তৎকালীন আর্থসামাজিক বাস্তবতা নিয়েও আলোচনা হয়।
দ্বিতীয় পর্বে মুঘল ও নবাবি আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। তিনি ওই সময়ের কৃষি, শিল্প, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য এবং প্রশাসনিক কাঠামোর পাশাপাশি বাংলার সমৃদ্ধির পেছনের কারণগুলো ব্যাখ্যা করেন।
তৃতীয় অধিবেশনে ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বক্তব্য দেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। তাঁর আলোচনায় স্থান পায় ঔপনিবেশিক অর্থনীতি, ১৭৬৯-৭০ সালের দুর্ভিক্ষ, রাজস্বনীতি, বাজারব্যবস্থা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাংলার সম্পদ পাচারের বিষয়গুলো। এসব নীতির ফলে বাংলার সমাজ ও অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন এসেছিল, তা-ও বিশ্লেষণ করা হয়।
আয়োজকদের মতে, ইতিহাসকে কেবল অতীতের ঘটনা হিসেবে জানার পরিবর্তে এর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব অনুধাবনের সক্ষমতা তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এ জন্য অংশগ্রহণকারীদের ইতিহাসের উৎস যাচাই, তথ্য-প্রমাণের ব্যবহার, গবেষণার পদ্ধতি এবং বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চার বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
রোজ একাডেমি গবেষণা, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য, ইসলাম, মুসলিম সভ্যতা, সংস্কৃতি এবং সমসাময়িক বুদ্ধিবৃত্তিক বিষয়ে জ্ঞানচর্চার প্রসারে কাজ করছে। তরুণদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গবেষণায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’ আয়োজন করছে।
সদ্য সংবাদ/এসএস