মেধাবী ছাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে তিন লাখ বাইসাইকেল। এসব সাইকেলের মান ও ব্যবহার কেমন, তা নিজেই চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে গিয়ে বাইসাইকেলগুলো পরখ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ছাত্রীদের জন্য কয়েক ধরনের বাইসাইকেল রাখা হয়। প্রধানমন্ত্রী সেগুলো চালিয়ে দেখেন এবং ব্যবহারিক দিকগুলো যাচাই করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া দেখতে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালান প্রধানমন্ত্রী।
বুধবারের এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদ্য সংবাদ/এসএস