২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এসব তথ্য অত্যন্ত দৃঢ়ভাবে প্রচার করেন, যা প্রত্যক্ষ না করলে বিশ্বাস করা কঠিন হতো।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে তাসনুভা জাবিন বলেন, কয়েক দশক পর রাজনীতিতে যুক্ত হয়ে যদি কেউ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং অন্তর্বর্তী সরকারকে ঘিরে দলটির নেতাকর্মীদের প্রচার করা বিভিন্ন বক্তব্য ও গুজবের কথা শুনতেন, তাহলে তা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু বর্তমানে এসব ঘটনা সরাসরি দেখার অভিজ্ঞতা হচ্ছে তাঁর।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যের ধরন নিয়ে সমালোচনা করে তিনি লেখেন, তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এবং দৃঢ় ভঙ্গিতে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি।
একই পোস্টে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তাসনুভা। তাঁর বক্তব্য, দীর্ঘদিনের একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দলটির নেতৃত্ব ও পুনরুত্থানের আশা ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে ভাবা প্রয়োজন।
আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসবে—এমন বক্তব্য দেওয়া ব্যক্তিদের বাস্তবতা বিবেচনায় নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি। কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মীয় বিশ্বাসের মতো বিবেচনা না করে যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে রাজনৈতিক অবস্থান তুলে ধরার পরামর্শ দেন তাসনুভা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত থাকা প্রয়োজন। তবে দলটির সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কথা বলা কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সোচ্চার হওয়াকে দলটির মূলধারার রাজনীতিতে ফিরে আসার প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না।
তাসনুভা জাবিনের মতে, আওয়ামী লীগের পক্ষে আগের অবস্থানে ফিরে যাওয়া সহজ হবে না। শেখ হাসিনা বা শেখ পরিবারের ওপর নির্ভর করেও দলটির রাজনৈতিক পুনরুত্থান সম্ভব নয় বলে মনে করেন তিনি। পাশাপাশি দিল্লির সমর্থনের ওপর নির্ভর করে বাংলাদেশে আবারও রাজনৈতিক অবস্থান তৈরি করার যে আশা দলটির রয়েছে বলে তিনি মন্তব্য করেন, সেটিও বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করেন।
সদ্য সংবাদ/এজে