দেশে প্রশ্নপত্র ফাঁস, নকল ও শিক্ষাক্ষেত্রে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত না করে কোচিং সেন্টারে সময় দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যেন এমন কোনো ঘটনা না ঘটে, সে জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরীক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। পরীক্ষায় শিক্ষার্থীদের সঠিকভাবে উত্তর লিখতে হবে, একইভাবে শিক্ষকদেরও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করতে হবে।
শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের মূল দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান করা। কিন্তু কিছু শিক্ষক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে সময় দিচ্ছেন। এ ধরনের শিক্ষকদের তালিকা তৈরির কাজ চলছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ক্লাসের সময় বাদ দিয়ে শিক্ষকদের মিটিং-মিছিলে অংশ নেওয়া উচিত নয়। নির্ধারিত সময়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষক ক্লাসে না এলে শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে জানাতে পারবে। আবার শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়েও শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।
যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেগুলোতে নতুন ভবন নির্মাণের বিষয়টি অগ্রাধিকার পাবে। অন্যদিকে শিক্ষার্থী নেই, এমন প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হবে না। ফলাফল খারাপ হলেও উন্নয়ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়বে বলে জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি এমএসসি পরীক্ষার ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস