চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় নেওয়ার সময় বিপুল পরিমাণ চীনা কাপড় আটক করেছে পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১০০ রোল কাপড় উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় গাড়ির চালক মো. নোমানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক পরিশোধ না করে চীনা কাপড়ের একটি চালান ঢাকায় নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালায়।
এ সময় গাড়ির ভেতরে প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ১০০ রোল কাপড় পাওয়া যায়। প্রতিটি রোলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা কাপড়ের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
পুলিশের দাবি, তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে কাভার্ড ভ্যানের চালক নোমানকে আটক করা হয়। পরে কাপড়সহ গাড়িটিও জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপড় ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস