দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান। পাকিস্তানের লাহোর চেম্বারের বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পাকিস্তান সফর করছেন স্পিকার। সফরের অংশ হিসেবে লাহোরের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, অতীতের বিষয়গুলো পেছনে রেখে দুই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসাকে ভিত্তি করে সম্পর্কের নতুন অধ্যায় গড়ে তোলার সুযোগ রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় তুলে ধরে স্পিকার বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও লাহোরের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করা প্রয়োজন। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং সরাসরি ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করা সম্ভব।
পাকিস্তান সফরের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ দেশটির নেতৃত্বের আতিথেয়তা ও আন্তরিক অভ্যর্থনার প্রশংসা করেন।
সভায় লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেন। বাংলাদেশের শিল্প খাতের অগ্রগতি, রপ্তানি পণ্যের বৈচিত্র্য, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনীতিতে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।
এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি বলেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এই সফর দুই দেশের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে পেতে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান।
বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদ্য সংবাদ/এজে