আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মুফতি আবু তাহের মিসবাহকে মনোনীত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নির্বাচনী প্রতীক হাতপাখা নিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেটে এক সম্মেলনে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, যিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত।
সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, আবু তাহের মিসবাহ সিলেটের সন্তান। শাহজালাল (র.) ও শাহপরাণের (র.) স্মৃতিবিজড়িত এই নগরীর উন্নয়নে তাঁর মতো যোগ্য ব্যক্তির প্রয়োজন রয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফান।
এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবু তাহের মিসবাহ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও তাঁর রয়েছে একাধিক ডিগ্রি। কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সিলেট মদনমোহন কলেজ থেকে বিএসএস অনার্স, সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ফাজিল ও ফিকাহ বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন তিনি।
ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত আবু তাহের মিসবাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে সিলেট মহানগর ও জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক উপসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সেক্রেটারি।
রাজনীতির পাশাপাশি শিক্ষকতা ও ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। সিলেট নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং খাতে ব্যবসা পরিচালনা করছেন।
দলীয় নেতাদের আশা, সিলেট নগরীর স্থানীয় উন্নয়ন ও নাগরিক সমস্যাকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন তাদের মনোনীত এই প্রার্থী।
সদ্য সংবাদ/এসএস