কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার অবস্থান ও তাঁর বক্তব্য পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, আমির হামজার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি নিজ বাড়িতেও অবস্থান করছেন না।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, আমির হামজার বক্তব্য জানতে স্থানীয় সাংবাদিকেরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। প্রথম দিকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর সাংবাদিকেরা কুষ্টিয়ায় তাঁর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, তিনি সেখানে নেই।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় সাংবাদিকেরা তাঁর বক্তব্যও পাচ্ছেন না বলে তিনি দাবি করেন।
ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। গাজী নজরুলের পর আমির হামজাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে দলটির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজাকে ঘিরে একাধিক পোস্ট দিয়েছিলেন রাশেদ খাঁন। সেসব পোস্টে তিনি সংসদ সদস্যের কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। বিষয়টি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জানতেন বলে মন্তব্য করেছিলেন তিনি।
তবে আমির হামজা ও জামায়াত নেতাদের বক্তব্য পাওয়া না যাওয়ায় এসব অভিযোগের বিষয়ে তাঁদের পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদ্য সংবাদ/এজে