আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গুলিতে নিহত শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা জানান।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মাসুমা হাদি বলেন, ‘এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।’
এদিন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়েই ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেছিলেন এবং সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে কথা বলতে চেয়েছিলেন।
বক্তারা আরও বলেন, ‘ঘাতকরা হাদির কণ্ঠ থামিয়ে দিয়েছে, কিন্তু তার আদর্শ থামাতে পারেনি। আমরা চাই শহীদ ওসমান হাদির দেশপ্রেম, ন্যায় ও জনগণের পক্ষে লড়াই বেঁচে থাকুক।’ তাদের দাবি, হাদির সেই আদর্শের প্রতিচ্ছবি মাসুমা হাদি, তাই তাকেই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মাসুদ ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
গুলিবিদ্ধ হওয়ার ফলে ওসমান হাদির ব্রেইনের স্টেম সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি সেখানে মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ দেশে আনা হলে ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।