শুক্রবার (২২ মে) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানঝি প্রদেশের লিউশেনইউ কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা স্ট্রেচার নিয়ে আহতদের সরিয়ে নিচ্ছেন এবং ঘটনাস্থলে অসংখ্য অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, খনির পরিচালনাকারী কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল, যা বিস্ফোরণের পেছনে ভূমিকা রাখতে পারে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ছয়টি উদ্ধারকারী দল থেকে মোট ৩৪৫ জন উদ্ধারকর্মী অভিযান পরিচালনায় অংশ নিয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শানঝি প্রদেশ চীনের কয়লা শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হলেও এখানে খনি দুর্ঘটনার ইতিহাস দীর্ঘ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তারপরও মাঝেমধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।
বিশেষজ্ঞদের মতে, চীন বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী এবং কার্বন নিঃসরণকারী দেশ হওয়ায় খনি নিরাপত্তা ও জ্বালানি চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।