প্রজাপতির রঙিন জগৎ, প্রকৃতির প্রতি ভালোবাসা আর জীববৈচিত্র্য রক্ষার আহ্বান—সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসেছে ১৬তম প্রজাপতি মেলা। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিশু-কিশোর ও নানা বয়সী মানুষের উপস্থিতিতে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের উদ্যোগে সকাল ৯টার দিকে মেলার কার্যক্রম শুরু হয়। আয়োজনের বিভিন্ন স্টলে প্রজাপতি সম্পর্কে জানার পাশাপাশি ছবি আঁকা, মুখে প্রজাপতির নকশা আঁকানো এবং নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেয় শিশুরা। পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় এসে সময় কাটান অনেক দর্শনার্থী।
সন্তানদের নিয়ে মেলায় আসা ঢাকার মিরপুরের অবন্তী বিনতে হোসেন জানান, শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে পরিচিত করতেই তাদের এখানে নিয়ে এসেছেন। তাঁর মতে, বইয়ের বাইরেও বাস্তবে প্রজাপতি দেখার সুযোগ শিশুদের শেখার আগ্রহ বাড়াবে। আনন্দের পাশাপাশি এমন আয়োজন থেকে তারা প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারছে।
মেলায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বিনতে হকও আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, ব্যতিক্রমী এ উদ্যোগের কারণে ক্যাম্পাসের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রতিবছর এমন আয়োজন চালু রাখার প্রত্যাশাও জানান তিনি।
আয়োজকদের ভাষ্য, প্রজাপতি কেবল প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ফুলের পরাগায়নের মাধ্যমে উদ্ভিদজগতের বিকাশে সহায়তা করে এই পতঙ্গ। তাই প্রজাপতি সংরক্ষণের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরাই মেলার অন্যতম উদ্দেশ্য।
মেলার আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতির পরিবেশগত ভূমিকা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। প্রজাপতি ও উদ্ভিদজগতের পারস্পরিক সম্পর্ক তুলে ধরার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকে জীববৈচিত্র্য রক্ষার মানসিকতা গড়ে উঠলে ভবিষ্যতে তারা এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এবারের মেলায় দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি রয়েছে র্যালি, পাপেট শো, অরিগ্যামি প্রদর্শনী, ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া বিতর্ক, প্রজাপতি শনাক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং প্রজাপতির আদলে তৈরি রঙিন ঘুড়ি ওড়ানোর আয়োজনও রয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের আশা, এক দিনের এ উৎসব মানুষের মধ্যে প্রজাপতি নিয়ে আগ্রহ তৈরির পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দেবে। বিশেষ করে শিশু-কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে উঠবে।
সদ্য সংবাদ/এজে