একসময় মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই পরিচয়কে ঘিরেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে ওঠে তার ব্যাপক প্রভাব। জমি দখল, অবৈধ গ্যাস সংযোগ, বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে আলোচিত সেই এমদাদুল হক ওরফে ‘দাদা এমদাদ’ এখন গোয়েন্দা পুলিশের হাতে।
বুধবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হকের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের।
তার বিরুদ্ধে ৮৭ কোটি টাকার জমি দখল ও অর্থপাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি মামলা করেছে। ওই মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ আটজনকে আসামি করা হয়েছে।
২০২৪ সালে কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে এমদাদের সম্পদের যে চিত্র উঠে আসে, তাতে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং নিজ জেলা সিরাজগঞ্জে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। শুধু শাহজাদপুরেই তার প্রায় শতকোটি টাকার সম্পদ রয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সিআইডির করা মামলার অভিযোগ অনুযায়ী, প্রতারণা, চাঁদাবাজি ও জাল দলিলের মাধ্যমে ১৬ ব্যক্তির মালিকানাধীন ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি দখল ও হস্তান্তর করা হয়েছে। এসব জমির সরকারি বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা।
২০২৫ সালের ১১ ডিসেম্বর রূপগঞ্জ থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়। এতে গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হক ছাড়াও সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তোফায়েল আহমেদ আলমাছ, মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা, আনছার আলী, আলফাজ উদ্দিন ও দিমন ভূঁইয়াকে আসামি করা হয়েছে।
সিআইডির অনুসন্ধানে জমি দখল ও ভুয়া দলিল তৈরির মাধ্যমে সম্পদ স্থানান্তরের অভিযোগ উঠে আসে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো প্রমাণসাপেক্ষ।
অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, গোলাম দস্তগীর গাজীর এপিএস হিসেবে এক যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেন এমদাদুল হক। ২০১৯ সালের ৬ আগস্টের সরকারি প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসদের পদমর্যাদা ও বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল।
ওই কাঠামোর সর্বোচ্চ বেতন ধরে ১৩ বছরের আয় হিসাব করলেও তার নামে-বেনামে পাওয়া সম্পদের সঙ্গে সরকারি চাকরি থেকে অর্জিত আয়ের বড় ধরনের ব্যবধান দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দরগাহপাড়া গ্রামে তার বাড়ি। সেখানে প্রায় ৫০ শতাংশ জমি, মণিরামপুর বাজারে ১৪টি দোকানসহ জমি এবং পাশের একটি ভবনের মালিকানার তথ্য পাওয়া যায়। এ ছাড়া দরিয়াপুর এলাকাতেও জমি থাকার তথ্য উঠে আসে।
রাজধানীর দক্ষিণ বনশ্রী ও বাসাবো এলাকায় একাধিক বাড়ি ও ফ্ল্যাটের সঙ্গে এমদাদের সংশ্লিষ্টতার তথ্য প্রকাশিত হয়েছিল অনুসন্ধানী প্রতিবেদনে। বাসাবো এলাকায় ১০ ও ছয়তলা দুটি বাড়ি এবং উত্তর বাসাবোর একটি আবাসিক ভবনে দুটি ফ্ল্যাট থাকার তথ্যও পাওয়া যায়।
আবাসন ব্যবসাতেও তার বিনিয়োগের অভিযোগ রয়েছে। রিমঝিম আবাসনে ১৫ শতাংশ শেয়ার এবং রূপগঞ্জের বিভিন্ন আবাসন প্রকল্পে নামে-বেনামে প্লট নেওয়ার তথ্য উঠে আসে ওই অনুসন্ধানে।
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের একটি বড় নেটওয়ার্কের সঙ্গে এমদাদের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। স্থানীয় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন আবাসিক ভবন ও শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ দেওয়ার অভিযোগ প্রকাশিত হয়েছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংযোগ দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ আদায় করা হতো। প্রশাসনের অভিযানে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও পুনরায় সংযোগ দেওয়ার অভিযোগ ছিল।
এ ছাড়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রির ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জের বিভিন্ন আবাসন প্রকল্পে বালু ভরাটের কাজ এবং শীতলক্ষ্যা নদীর তীর দখল করে জমি বিক্রির অভিযোগও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছিল।
রূপগঞ্জের বিভিন্ন বাজার, ফুটপাত, পরিবহন স্ট্যান্ড ও মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে এমদাদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভুলতা গাউছিয়া এলাকার ফুটপাতের কয়েকশ দোকান থেকে নিয়মিত অর্থ আদায় করা হতো। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদক কারবারিদের কাছ থেকেও মাসিক অর্থ আদায়ের অভিযোগ উঠে আসে।
এসব অভিযোগের পাশাপাশি স্থানীয়দের একটি অংশের দাবি, মন্ত্রীর এপিএস হওয়ার পর থেকেই এলাকায় এমদাদের প্রভাব ও সম্পদের পরিমাণ বাড়তে থাকে।
এমদাদুল হকের গ্রেপ্তারের পর এখন তার সম্পদের উৎস, কথিত ব্যবসায়িক নেটওয়ার্ক এবং জমি দখলের অভিযোগ নিয়ে তদন্তের বিষয়টি নতুন করে সামনে এসেছে। সিআইডির মামলার পাশাপাশি ডিবির গ্রেপ্তার-পরবর্তী জিজ্ঞাসাবাদে এসব অভিযোগের বিষয়ে কী তথ্য পাওয়া যায়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
সদ্য সংবাদ/এজে