রাজধানীর উত্তরায় আগুনে পুড়ে গেছে ফলের আড়তের ৩৫টি দোকান। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট এলাকার বিসমিল্লাহ নামের ফলের আড়তে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে উত্তরা এলাকায়।
ফলের আড়তের ব্যবসায়ীরা জানান, দুপুরে খাবারের সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই অনেকগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের মালামালের পাশাপাশি নগদ টাকাও পুড়ে যায়।
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, দুপুর ১টার দিকে ফলের আড়তে আগুন লাগার খবর পান তাঁরা। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আরও পাঁচ শতাধিক দোকান রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সদ্য সংবাদ/ এআর