পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, নতুন মজুরি ঘোষণার তারিখ পেছালেও তা আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বোর্ড চেয়ারম্যান জানান, নির্ধারিত সভায় বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সেটি অনুষ্ঠিত হয়নি। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত হওয়া যাবে না। পাশাপাশি গুজবের কারণে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট করে বলেন, নতুন মজুরি ঘোষণার দিন নিয়ে পরিবর্তন এলেও কার্যকরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হবে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিনে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে জরুরি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে মজুরি নিয়ে আলোচনা ও সরকারি উদ্যোগের মধ্যেও কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস