ফুসফুস ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি সোসাইটি। এতে সহযোগিতা করেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সেমিনারে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এর প্রতিপাদ্য ছিল ‘নভেম্বর: লিডিং দ্য ইয়ুথ টুয়ার্ড হেলদি ব্রিদিং’।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এম এম আরিফ হোসেন।
সেমিনারে শিক্ষার্থীদের ফুসফুস ক্যানসারের কারণ, প্রাথমিক লক্ষণ, ঝুঁকি, প্রতিকার, প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ফার্মেসি সোসাইটির সহসভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, ক্যানসার, বিশেষ করে ফুসফুসের ক্যানসার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। পাশাপাশি রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা শুধু ওষুধ ও চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং জনস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতা তৈরিতেও সক্রিয় ভূমিকা পালন করবে—এটাই তাঁদের প্রত্যাশা। বিকনের সহযোগিতায় এ ধরনের সচেতনতামূলক আয়োজন সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটি জনস্বাস্থ্যসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সদ্য সংবাদ/ এআর