গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই দিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় থানার কিছু অংশে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে থানার ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করেন তাঁরা।
একটি ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে কয়েকজন বেধড়ক মারধর করছেন। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতেও দেখা যায় তাঁদের। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতে শোনা যায়। পরে পুলিশ সদস্যদের আবাসস্থলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সদ্য সংবাদ/ এআর