জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শাখা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, ক্যাম্পাসে সবার অবাধ প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগিয়ে কেউ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নীলনকশা বাস্তবায়ন কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করলে ছাত্রদল নীরব থাকবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন তিনি।
বিবৃতিতে মেহেদী হাসান হিমেল বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দীর্ঘ ১৭ বছরের অন্যায় ও নির্যাতনের অভিজ্ঞতা পেছনে ফেলে ক্যাম্পাসের সব ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার ক্ষেত্রে ছাত্রদল সহনশীলতার পরিচয় দিয়েছে। তবে গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা দৃঢ় অবস্থানে থাকবেন।
সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অপতৎপরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল আটক হওয়া পাঁচ ব্যক্তির বিষয়ে ছাত্রদলের দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁদের আটক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলেও মনে করে সংগঠনটি।
বিবৃতিতে ছাত্রদলের আহ্বায়ক আরও বলেন, তাঁরা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এবং ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিরতা চান না। সব পক্ষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে এগিয়ে যেতে চান। তবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপসহীন থাকবে।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহনশীল ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই তাঁদের অঙ্গীকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সদ্য সংবাদ/ এআর