‘তোর মেয়েকে মেরে ফেলছি’- বাবাকে মেসেজ দিয়ে শিশুকন্যাকে হত্যা করলেন মা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮:০৯
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার মাকে আটক করেছে পুলিশ। আসফিয়া জাহান নূর নামের শিশুটিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মা মেহেরুননেসার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রামপুরার বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ বাসাটি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘটনার আগে শিশুটির বাবা আশরাফুল হক ইমনকে হোয়াটসঅ্যাপে দুটি ভয়েস বার্তা পাঠান মেহেরুননেসা। একবার দেখা যায় এমন ফিচারে পাঠানো প্রথম বার্তায় তিনি মেয়েকে হত্যার কথা বলেন। পরের বার্তায় শিশুটিকে হত্যা করেছেন বলেও জানান।

বার্তা দুটি শোনার পর ইমন বাড়ির মালিক এমদাদুল হককে ফোন করে বিষয়টি জানান এবং বাসায় গিয়ে খোঁজ নিতে অনুরোধ করেন। পরে বাড়ির মালিক সেখানে পৌঁছালে মেহেরুননেসা নিজেই মেয়েকে হত্যার কথা স্বীকার করে তাকে পুলিশে খবর দিতে বলেন বলে জানিয়েছেন শিশুটির দূরসম্পর্কের আত্মীয় ফরিদা ইয়াসমিন।

এরপর বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফরিদা ইয়াসমিনের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় বছর আগে ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। দাম্পত্য জীবনের প্রথম বছর ভালো কাটলেও পরবর্তী সময়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। কয়েক দফায় দুই পরিবারের সদস্যরা বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিরোধের অবসান হয়নি। তিনি আরও অভিযোগ করেন, মেহেরুননেসা প্রায়ই স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

অভিযুক্ত মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তার বাবার নাম মৃত মহসীন। অন্যদিকে, শিশুটির বাবা ইমন একটি কাপড়ের দোকানে কাজ করেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুননেসাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ আজিমপুরে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত!