রাজধানীর জিগাতলায় একটি বাসা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আটকের আগে ওই নেতাকে কলা খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা একটি বাসা থেকে ওই যুবককে বের করে আনেন। এ সময় তার রাজনৈতিক পরিচয় এবং পরিবারের সদস্যদের দলীয় সম্পৃক্ততা নিয়ে কথা বলেন নয়ন। তবে আটক যুবক নিজেকে শুধু একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে ওই যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন যুবদল নেতা। তার পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি। পরে যুবককে উদ্দেশ করে ঢাকায় এলে তার নেটওয়ার্কের মাধ্যমে ধরা পড়তে হবে বলে মন্তব্য করেন নয়ন।
ভিডিওতে শেখ হাসিনাকে ইঙ্গিত করে ‘আপা আর আসবেন না’ বলেও মন্তব্য করতে শোনা যায় তাকে। একপর্যায়ে আটক যুবককে নিজের হাতে কলা খাইয়ে দেন নয়ন। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটকের ঘটনায় আলোচনায় রয়েছেন রবিউল ইসলাম নয়ন। এর আগে পল্টন এলাকায় আওয়ামী লীগপন্থি এক আইনজীবীকে মারধরের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। ওই আইনজীবী দাবি করেছিলেন, তাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ছাড়া এর আগে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকে খাবার ও ফলমূল খাইয়ে পুলিশের কাছে হস্তান্তরের ভিডিওও নয়নের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ করেছিলেন যুবদল নেতা।
সদ্য সংবাদ/এসএস