উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদনের সম্ভাবনা কাজে লাগানো এবং চাষাবাদের প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ সভার আয়োজন করা হয়। কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল। বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সঞ্চালনায় সভায় উপকূলীয় কৃষির বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী খামারবাড়ির উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।
মতবিনিময় সভায় উপকূলীয় কৃষির বিদ্যমান সুযোগ, চাষাবাদের সমস্যা এবং এ অঞ্চলের কৃষি খাতের উন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সদ্য সংবাদ/এজে