কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে দায়িত্ব পালনকালে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগের এক নেতার বাড়িতে ব্যক্তিগত দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের পেশাগত নিরপেক্ষতা ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই জাহেদুল ইসলাম। স্থানীয়দের দাবি, গত সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় জাতীয় শ্রমিক লীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে যান তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্য, সিভিল পোশাকে একটি কালো পালসার মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে যান এসআই জাহেদুল। তবে সে সময় তিনি সরকারি দায়িত্বে নিয়োজিত ছিলেন কি না, ব্যক্তিগত দাওয়াতে অংশ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও একটি চাঁদাবাজির অভিযোগ তদন্তে গড়িমসির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। অভিযোগ অনুযায়ী, গত ২৯ আগস্ট আশরাফুল নামের এক ব্যক্তি ভূরুঙ্গামারী থানায় চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের নম্বর ১৬০৮/২৯/০৮/২০২৬। ওই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন এসআই জাহেদুল ইসলাম।
ভুক্তভোগীর অভিযোগ, চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের পরও মামলা না নিয়ে তাকে দিনের পর দিন থানায় আসা-যাওয়া করানো হয়। পরে মামলা করার পরিবর্তে বিষয়টি মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা নথি যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগ ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের যথাযথ ব্যাখ্যা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট সময়ের ডিউটি রোস্টার, দায়িত্ব পালনের বিবরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই জাহেদুল ইসলাম জাতীয় শ্রমিক লীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে দাওয়াতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
অন্যদিকে, এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এবং কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর বক্তব্য জানতে চাওয়া হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের ফল পাওয়া গেলে এ প্রতিবেদনে তা যুক্ত করা হবে।
সদ্য সংবাদ/এজে