রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। অবরোধের ডাক দেওয়া দুই সংগঠনের মধ্যে এক পক্ষ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে অন্য পক্ষের সিদ্ধান্ত এখনো অপরিবর্তিত থাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে অবরোধ তুলে নেওয়ার কথা জানান সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই বিবৃতিতে সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণাও দেন তিনি।
নতুন জয় চাকমা জানান, দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ চলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাজেকের সাধারণ বাসিন্দারা। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ায় স্থানীয়দের নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাবার ও ওষুধ সংগ্রহেও সমস্যা হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এখনো তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়নি। ফলে কার্বারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মসূচি তুলে নেওয়ার সিদ্ধান্ত এলেও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না পরিস্থিতি।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলছে। এর প্রভাবে পর্যটন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনেও নেতিবাচক প্রভাব পড়েছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে অবরোধের কারণে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে। এখন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
সদ্য সংবাদ/এজে