শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা থাকলেও পটুয়াখালীর কলাপাড়ায় কিছু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে উল্টো চিত্র। শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০টি প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বিভিন্ন ধরনের ফি।
মাসিক বেতন ও সেশন ফির পাশাপাশি বই, খাতা, কলমসহ নানা উপকরণের জন্য অভিভাবকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। তবে অর্থ আদায়ের তুলনায় শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান সন্তোষজনক নয় বলে দাবি করছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
এমন অভিযোগের কেন্দ্রে রয়েছে কলাপাড়া পৌর শহরের গোলাপবাগ এলাকার কলাপাড়া আইডিয়াল স্কুল। সরেজমিনে প্রতিষ্ঠানটির পরিবেশ নিয়ে একাধিক অসংগতি সামনে এসেছে। অধিকাংশ দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় না বলে অভিযোগ রয়েছে। নেই বিদ্যুৎ সংযোগ। শ্রেণিকক্ষে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় একটি বেঞ্চে গাদাগাদি করে বসতে হচ্ছে তিন থেকে চারজন শিক্ষার্থীকে। ২৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও তাঁদের বড় একটি অংশ নিয়মিত উপস্থিত থাকেন না বলে অভিযোগ, এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
শুধু এই প্রতিষ্ঠান নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত একাধিক বেসরকারি বিদ্যালয়েও প্রায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় এসব বিদ্যালয়ে সেশন ফি ও মাসিক বেতন বেশি নেওয়া হয়। অথচ শিক্ষার্থীদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা না থাকায় গরমে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের পাশের পানির ডোবা ও জলাশয় মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কলাপাড়া আইডিয়াল স্কুলটি গত কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে গোলাপবাগ এলাকায় টিনের স্থাপনা তৈরি করে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। কিন্তু প্রয়োজনীয় অনুমোদন ও পর্যাপ্ত অবকাঠামো ছাড়াই কীভাবে পাঠদান অব্যাহত রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রেজা বলেন, পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। শিক্ষা বোর্ড থেকে সাময়িকভাবে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বই সোবাহান সিকদার মডেল একাডেমি থেকে সরবরাহ করা হয়।
তবে বিদ্যালয়টির অনুমোদন ও পাঠদানের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান। তিনি বলেন, কলাপাড়া আইডিয়াল স্কুলের স্থাপনা নির্মাণ কিংবা পাঠদানের কোনো অনুমোদন নেই। বর্তমানে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা ও পাঠদানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে শিক্ষা বোর্ডের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। কলাপাড়া আইডিয়াল স্কুলের অনুমোদনহীনভাবে পাঠদান চালানোর বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উপজেলায় যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।
এখন দেখার বিষয়, শিক্ষার নামে অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকর হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়।
সদ্য সংবাদ/এজে