সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে অননুমোদিতভাবে বসবাস করছেন বাইরের ভাড়াটিয়ারা। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় সরকারি বাসা সাবলেট দেওয়ার এমন প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বরাদ্দের সুবিধা নিয়ে নিজেরা ফ্ল্যাটে না থেকে অন্যের কাছে ভাড়া দেওয়ার মাধ্যমে অতিরিক্ত অর্থ আয়ের অভিযোগ উঠেছে একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।
সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক এক পরিদর্শন প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বরাদ্দ পাওয়া অনেকেই নিজেদের ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা একাধিক কক্ষ অন্যদের কাছে ভাড়া দিয়েছেন। অথচ ১৯৮২ সালের বাংলাদেশ বরাদ্দ বিধিমালা অনুযায়ী, বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসা অন্য কারও কাছে ভাড়া দেওয়া আইনবিরুদ্ধ।
পরিদর্শন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ ধরনের অনিয়মের প্রবণতা তুলনামূলক বেশি দেখা গেছে রাজধানীর উত্তরা এলাকার সরকারি আবাসন প্রকল্পগুলোতে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধায় কম খরচে ফ্ল্যাট পেয়েও সেখানে বসবাস না করে অনেকে বেসরকারি বাসায় থাকছেন। আর বরাদ্দের ফ্ল্যাট থেকে আদায় করছেন মোটা অঙ্কের ভাড়া।
এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তরের উত্তরা জোনের প্রজেক্ট অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, সরকারি আবাসন কোনোভাবেই ব্যবসার কাজে ব্যবহারের সুযোগ নেই। পরিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উত্তরার প্রতিটি ভবনে বিশেষ তল্লাশি চালানো হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে বরাদ্দ বাতিলসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি আবাসন এলাকায় এমন কর্মকাণ্ডের প্রভাব পড়ছে নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশেও। উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি কাজী রফিকুল ইসলাম জানান, সরকারি কোয়ার্টার বরাদ্দ পেয়েও কেউ কেউ সেখানে না থেকে অন্যত্র কম ভাড়ায় বসবাস করছেন। আবার কেউ পুরো ফ্ল্যাট সাবলেট দিয়ে বাড়তি আয় করছেন। এতে এলাকার শান্তিপূর্ণ ও নিরাপদ আবাসিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি।
তবে উচ্ছেদ কার্যক্রমের খবরে বিপাকে পড়েছেন এসব ফ্ল্যাটে সাবলেটে থাকা ভাড়াটিয়ারাও। তাঁদের একজন তানভীর আহমেদ বলেন, তুলনামূলক কম খরচে থাকার কথা ভেবে তাঁরা সরকারি বাসায় সাবলেটে উঠেছিলেন। কিন্তু এখন জানতে পারছেন, এভাবে বাসা ভাড়া নেওয়া আইনত বৈধ নয়। কর্তৃপক্ষের নির্দেশনার পর তাঁদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অল্প সময়ের মধ্যে নতুন বাসা খুঁজে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে অনিয়ম বন্ধে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। এতে সরকারি ফ্ল্যাটে থাকা সব অবৈধ ভাড়াটিয়া ও সাবলেট বাসিন্দাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁদের নামে বাসা বরাদ্দ রয়েছে, তাঁদের নিজ নিজ ফ্ল্যাটে বসবাস নিশ্চিত করতে বলা হয়েছে।
পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি বাসায় সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সংশ্লিষ্ট বরাদ্দ বাতিল করা হবে। এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) ধারা অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে শৃঙ্খলামূলক ও আইনগত ব্যবস্থা।
সরকারি আবাসনের সুবিধা যাতে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত না হয়, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরের অবস্থান থেকে স্পষ্ট হয়েছে। এখন নজর থাকবে নির্দেশনা বাস্তবায়ন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে।
সদ্য সংবাদ/এজে