স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক বিরোধের জেরে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রাতভর চলা এই সংঘাতে গুলিবর্ষণের পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ মোল্লা এবং ইউনিয়ন বিএনপি নেতা রহিম মোল্লার মধ্যে বিরোধ তৈরি হয়। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের সঙ্গে নির্বাচনী বিরোধ যুক্ত হয়ে পরিস্থিতি সংঘাতের দিকে গড়ায়।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াদ্দা গ্রামে আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে প্রথম দফায় গোলাগুলির ঘটনা ঘটে। পরে ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে ইউনিয়নের অন্য গ্রামগুলোতেও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ছড়িয়ে পড়ে। চলে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ।
এ সংঘর্ষে দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮) গুলিবিদ্ধ হন। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ দিদার ঢালীর অভিযোগ, সংঘর্ষে ব্যবহারের জন্য প্রবাসীদের অর্থায়নে অস্ত্র ও ককটেল কেনা হচ্ছে। অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, নোয়াদ্দা এলাকায় একটি ড্রেজারের পাশে কয়েকজন যুবক অবস্থান করার সময় তাঁদের লক্ষ্য করে হামলা ও গুলি চালানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে দুই পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। সকাল গড়িয়ে যাওয়ার পর বিভিন্ন বাড়ির উঠান ও মাঠে গুলির খোসা এবং বিস্ফোরণের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সদ্য সংবাদ/এসএস