জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে তাদের মোট মনোনয়নের এক-তৃতীয়াংশ নারীদের জন্য বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
স্পিকারের মতে, দেশের নারীরা এখন শিক্ষা, কর্মসংস্থান ও বিভিন্ন পেশায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। ফলে তাদের জন্য আলাদা সংরক্ষিত আসনের ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনা করা উচিত। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বাড়ানো জরুরি।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় সংসদের মোট আসনের এক-তৃতীয়াংশে যেন নারীদের সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়।
আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের বর্তমান সংকট ও নানা সমস্যার পেছনে রাজনীতিবিদদের দায় রয়েছে। রাজনৈতিক নেতৃত্ব নিজেদের সংশোধন করতে পারলে রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে স্পিকার বলেন, রাজনীতিবিদরা অনেক সময় দলীয় স্বার্থ ও ব্যক্তিগত সুবিধা অর্জনেই বেশি মনোযোগী থাকেন। এতে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনীয়তা যথাযথ গুরুত্ব পায় না।
বিগত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
উল্লেখ্য, কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সদ্য সংবাদ/এসএস