তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় এমিন এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ার রেগনাম হোটেলে আন্তর্জাতিক অতিথিদের সম্মানে এ আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান এমিন এরদোয়ান। পরে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা হয়। মধ্যাহ্নভোজে অংশ নেওয়া অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও পরিচিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বর্তমানে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছেন। সম্মেলনকে কেন্দ্র করে রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য এবং আন্তর্জাতিক পর্যায়ের আমন্ত্রিত অতিথিদেরও বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।
সদ্য সংবাদ/এসএস