জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৫:০৫:৪৯
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে পর্যাপ্ত অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। ফলে জলবায়ু সংকটের দায় তুলনামূলক কম থাকলেও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে বড় ধরনের অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে।

তিনি জানান, সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ জন্য উন্নয়ন ও শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সৌরবিদ্যুৎ উৎপাদন ৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

পরিবেশবান্ধব শিল্পায়নের প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা লিড সনদ পেয়েছে। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার, পাটজাত পণ্যের প্রসার এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

জলবায়ু অভিযোজনের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পদ্মা ও তিস্তা ব্যারেজের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস ও জলাভূমি পুনরুদ্ধারের লক্ষ্য রয়েছে সরকারের।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের তুলনায় বর্তমান অর্থায়ন পর্যাপ্ত নয়। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি সামলানোর পাশাপাশি ঋণ পরিশোধের চাপ এসব দেশের আর্থিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে নির্ভরযোগ্য অনুদান, আধুনিক প্রযুক্তি এবং অভিযোজন সহায়তা নিশ্চিত করা জরুরি।

এ সময় জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণচাপ কমাতে বিশেষ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে 'বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম' গ্রহণ।

এ ছাড়া জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে। আন্তর্জাতিক সংহতি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক