ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। এর মধ্যে গুরুত্বপূর্ণ বার আউলিয়া হাইওয়ে থানায় টানা তিন মাস ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মহাসড়কের এই এলাকায় ৩০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩৩ জন। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার এমন পরিসংখ্যানের পাশাপাশি পুলিশের নেতৃত্ব ও জনবলসংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।
মহাসড়কের বিভিন্ন অংশে নিয়ম না মেনে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে অবৈধ পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার কর্মকর্তা বদলির ঘটনাও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার মাসে থানাটির ওসি ও উপপরিদর্শক (এসআই) পদে চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে দায়িত্ব পালনের ধারাবাহিকতা ও কার্যক্রমের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
হাইওয়ে পুলিশের কয়েকজন কর্মকর্তার ভাষ্য, এআই প্রযুক্তিনির্ভর মামলা ব্যবস্থার কারণে যানবাহনের বিরুদ্ধে প্রচলিত পদ্ধতিতে মামলা করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গিয়ে জটিলতার মুখে পড়তে হচ্ছে তাঁদের।
তবে থানাটির পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান। তিনি জানান, বার আউলিয়া হাইওয়ে থানায় ইতোমধ্যে একজন ইন্সপেক্টরকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এ ছাড়া ৩০ নভেম্বর থেকে মহাসড়কে নতুন করে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু অভিযান পরিচালনা করলেই মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অবৈধ পার্কিং বন্ধ, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মিত নজরদারির পাশাপাশি হাইওয়ে পুলিশের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনাও জরুরি।
ইতোমধ্যে ছয় মাসে প্রায় ৩৩ জনের প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন সীতাকুণ্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, দুর্ঘটনা কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ পার্কিং বন্ধ এবং পুলিশের নিয়মিত তদারকি জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সদ্য সংবাদ/এজে