গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বিএনপি নেতা। শুক্রবার সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের মধ্য দিয়ে দুর্ঘটনার সূত্রপাত। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে আরও কয়েকটি যানবাহনের। এতে চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। মুকসুদপুরে প্রবেশের পথে তার বহরের দুটি গাড়ি সংঘর্ষের শিকার হয়। পুলিশ জানিয়েছে, সংসদ সদস্যের কোনো ক্ষতি হয়নি।
এ ঘটনায় গুরুতর আহত হন মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল আবার শুরু হয়।
সদ্য সংবাদ/এজে