মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। লাল টেপ দিয়ে মোড়ানো এসব বস্তু গ্রামের দুটি পৃথক স্থানে পাওয়া যায়। এর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ও সকালে গ্রামের চেয়ারম্যান পাড়া এলাকায় বস্তুগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া গ্রামের চেয়ারম্যান পাড়া মার্কেটের সামনে এবং বলতলা বাজারসংলগ্ন একটি সেতুর ওপর এসব বস্তু রাখা ছিল। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। সকাল ৭টার দিকে পুলিশ সেগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা হিসেবে পানিভর্তি বালতিতে থানার চত্বরে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
তবে বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
সদ্য সংবাদ/এজে