ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। একই সঙ্গে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
বুধবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে কার্লসনের এই বক্তব্য তুলে ধরা হয়েছে।
সোমবার প্রকাশিত এক পডকাস্টে ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সঙ্গে আলোচনায় কার্লসন বলেন, হুথি বিদ্রোহীরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। তাঁর দাবি, সৌদি ভূখণ্ডের একটি অংশে বর্তমানে হুথি বাহিনীর উপস্থিতি রয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো নির্দিষ্ট তথ্যসূত্র উল্লেখ করেননি তিনি।
কার্লসন আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং চলতি সপ্তাহেও তাঁদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ভূমধ্যসাগরের একটি প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা প্রকাশিত হয়েছিল।
এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, হুথি যোদ্ধারা অক্টোবরে সৌদি আরবে অভিযান চালিয়েছিল। তবে ওই প্রতিবেদনে সৌদি ভূখণ্ডের কোনো অংশ এখনো তাদের দখলে রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার দুর্গম সীমান্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের সংঘাত দেশটির অভ্যন্তরেই কেন্দ্রীভূত। সৌদি আরবের সঙ্গে ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেনের আসির, জাজান ও নাজরান অঞ্চল সৌদি ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়। হুথি নেতৃত্ব দীর্ঘদিন ধরে এসব এলাকার ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে।
কার্লসনের মতে, হুথিদের ওপর ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে এই গোষ্ঠীকে অন্য কোনো পক্ষও সহায়তা করছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো পক্ষের নাম উল্লেখ করেননি।
তবে সৌদি ভূখণ্ডে হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে কার্লসনের বক্তব্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে