পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মো. সিয়াম (২৫) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. জগলুল হাসান জানান, দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিসংযোগের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদ্য সংবাদ/এজে