চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৭১ বোতল ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন চামুচা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশি মদ (কসমস ফিফটি) জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/ এরআর