ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. স্বপন ইসলাম (২৯)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর (মাস্টারপাড়া) গ্রামের মোকাররম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে সদর থানাধীন এলাকায় নিয়মিত টহল, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বপন ইসলাম নিজ শয়নকক্ষে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুত করে রেখেছেন। খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে তাঁর নির্দেশনায় পুলিশের একটি দল রাত ১টা ৪৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।
পরে রাত ২টা ১০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক যুবকের দেখানো মতে শয়নকক্ষের শোকেসের নিচের ড্রয়ারে রাখা লাল-সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পুলিশ। এ সময় প্রতিটি পাতায় ১০টি করে মোট ৮৫ পাতায় ৮৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়।
এ ছাড়া ৭৫০ মিলিলিটারের একটি কাচের বোতলে বিদেশি মদ, ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার চারটি প্লাস্টিকের বোতলে মোট এক হাজার মিলিলিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/২৪(ক) ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/ এরআর