গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ নভেম্বর ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামে প্রকাশিত ভিডিওতে তাকে নেতৃত্ব দিতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক খুলনাগামী বাসটি আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। এ সময় যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর দিকে ছুরি তাক করে তার মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি চালানো হয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগে আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। রোববার (২২ নভেম্বর) পর্যন্ত ভিডিওটি সাত লাখ মানুষ দেখেছেন।
সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কলেজে ভর্তির পর থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের ঘনিষ্ঠ কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন সাবিদ। পরে মিল্লাদ হোসেন তাকে নিজের অনুসারীদের বলয় থেকে সরিয়ে দেন বলে জানা গেছে।
এ ছাড়া সাবিদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তার পরিবারের সদস্যদেরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুকে একটি পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, একদিকে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ছাত্রলীগ নেতাকে কেক খাওয়াচ্ছেন, অন্যদিকে সেই ছেলেই গোপালগঞ্জে বাস থামিয়ে সাধারণ মানুষকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করছে।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ছাত্রদলের কোনো কমিটিতে সাবিদের পদ ছিল না। সাংগঠনিক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল না। গত ছয় থেকে সাত মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।
মিল্লাদ হোসেন আরও বলেন, সাবিদকে কোথাও পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাবিদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/ এরআর