২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে অজ্ঞাতপরিচয়ের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর। দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার দুপুরে একজন এবং রোববার দুপুরে অন্যজনের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশের নানা চেষ্টা সত্ত্বেও রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ দুই দিন ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তিনি মারা যান। তাঁর পরিচয় শনাক্ত করতে না পেরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদর থানাকে জানায়।
অন্যদিকে, গত শুক্রবার বুকে ব্যথা নিয়ে আনুমানিক ৫০ বছর বয়সী আরেক বৃদ্ধ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। তিনি খাওয়াদাওয়া করতে পারতেন না। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদর মডেল থানা-পুলিশকে জানায়।
এরপর পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দুই বৃদ্ধের ছবি প্রকাশ করে তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা করে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতপরিচয়ের দুই বৃদ্ধ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল একজনের এবং আজ দুপুরে আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁদের কোনো স্বজন না থাকায় এবং পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে। পরিচয় শনাক্ত করা না গেলে ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বিষ্ণু প্রসাদ চন্দ বলেন, গতকাল হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্য বৃদ্ধ বুকে ব্যথা নিয়ে অচেতন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে ভর্তি ছিলেন। রোববার দুপুর দেড়টার দিকে তাঁরও মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অজ্ঞাতপরিচয়ের দুই বৃদ্ধ রাস্তার পাশে পড়ে ছিলেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। দুই বৃদ্ধের পরিচয় শনাক্তে সব ধরনের চেষ্টা চলছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানোর পর সংস্থাটির সদস্যরাও সুনামগঞ্জে এসে কাজ করছেন।
সদ্য সংবাদ/ এরআর