বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী জেলা সদরে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন। সেখানে তিনি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর নিশ্চিত করা হয়েছে। তিনি জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা উপভোগ করবেন। একই সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন। ওই সময় তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন।
সদ্য সংবাদ/ এরআর