জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ক্ষতিসাধনের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরে জামালপুর-তারাকান্দি রেলপথে এ ঘটনা ঘটে। তবে দ্রুত মেরামত করায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের কিছু সরঞ্জাম খোলা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।
ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস