শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশে বর্তমানে নিউমোনিয়ার ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে। প্রয়োজন দেখা দিলে বিদেশ থেকে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতাও সরকারের রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঝুঁকি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকার আন্তরিক। এ ক্ষেত্রে চিকিৎসকদের প্রয়োজনীয় সহায়তা ও সরঞ্জাম সরবরাহে কোনো কার্পণ্য করা হবে না। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতাও নেওয়া হবে।
দেশের চিকিৎসকদের দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, অভিজ্ঞতা ও রোগী দেখার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকদের জ্ঞান ও সক্ষমতা বেড়েছে। বিদেশের চিকিৎসকদের তুলনায়ও দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করেছেন অনেকে। নিজের চিকিৎসার ক্ষেত্রেও তিনি দেশীয় চিকিৎসকদের ওপর আস্থাশীল বলে জানান।
এ সময় হাম ও ডেঙ্গুতে শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এসব রোগ থেকে শিশুদের যথাযথভাবে সুরক্ষা দিতে না পারার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে কার্যকর সমাধানের পরামর্শ চান।
স্বাস্থ্যসেবার উন্নয়নে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা নিজের ব্যর্থতার তথ্য থাকলে তা প্রকাশ্যে জানানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।
দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন সরদার সাখাওয়াত হোসেন।
সদ্য সংবাদ/এসএস