পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর সশস্ত্র হামলায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) কোহাট জেলার গাম্বাত এলাকায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। হামলায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব জানান, একটি অবৈধ খনির বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল পুলিশের দলটি। এ সময় আগে থেকেই অবস্থান নেওয়া হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১০ পুলিশ সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হাইদার জামান এবং সাব-ইন্সপেক্টর মুখতিয়ার।
হামলার পরপরই পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তবে হামলার পরও এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর আরও সদস্য সেখানে পৌঁছাচ্ছেন।
এদিকে হতাহতের ঘটনায় কোহাটের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হামলায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। অবৈধ খনিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এসব গোষ্ঠী অর্থ সংগ্রহ করে বলে জানা যায়।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
সদ্য সংবাদ/এসএস