মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে তেহরান। ইরানের দাবি, হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংস করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়। এ সময় বাহিনীটির অ্যারোস্পেস ফোর্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, আধুনিক এই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রথমে ড্রোনটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। ভূপাতিত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের এমকিউ-১ সিরিজের একটি চালকবিহীন সামরিক যান বলে দাবি করেছে বাহিনীটি।
এমকিউ-১ প্রিডেটর ড্রোন মূলত আকাশপথে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে হামলা পরিচালনার কাজে ব্যবহৃত হয়। সামরিক অভিযানে দীর্ঘ সময় আকাশে অবস্থান করার সক্ষমতার কারণে এ ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সম্পদ হিসেবে বিবেচিত।
বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, এবারের ঘটনাসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এমকিউ-১ পরিবারের ১৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে তারা। ইরানের ভাষ্য, দেশটির আকাশসীমা ও কৌশলগত এলাকাগুলোতে বিদেশি সামরিক নজরদারি প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা সক্ষমতা কার্যকর ভূমিকা রাখছে।
সদ্য সংবাদ/এসএস