গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধদের হামলায় বিজিবির একটি গাড়ি ভাঙচুরের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে কালিয়াকৈরের হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় নতুন করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের বিরতির পর কারখানায় ফিরে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা প্রথমে মহাসড়কের পাশে জড়ো হন। পরে সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পল্লীবিদ্যুৎ এলাকায় বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটি ভাঙচুরের শিকার হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। সেখান থেকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন তারা।
প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ার পর মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে বৃহস্পতিবার সকালেও কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আন্দোলনকারীরা সরে যান। অন্যদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে কয়েকটি কারখানার শ্রমিক হঠাৎ সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তারা বিজিবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা সড়কে নেমে আসায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস