দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মীর পরিবারকে ২৯ বছর বেতন দেবে রেনাটা

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৬:৪৮:৩৯
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মী মো. আসাদুজ্জামানের পরিবারের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা। তাঁর অবসর পর্যন্ত বাকি থাকা ২৯ বছর পরিবারকে নিয়মিত বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর সঙ্গে থাকবে বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসসহ অন্যান্য প্রাপ্য সুবিধা।

আসাদুজ্জামান (৩১) রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন তিনি। ওই দিন সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।

তিন সন্তানের বাবা আসাদুজ্জামানের মৃত্যুর পর তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাঁর জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন পরিবারকে দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান। সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

রেনাটার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসাদুজ্জামানের পরিবারকে অবসরকাল পর্যন্ত মাসিক বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের অবসরের বয়স ৬০ বছর হওয়ায় তাঁর চাকরির মেয়াদ বাকি ছিল আরও ২৯ বছর। এই সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী বেতন বাড়লে পরিবারও সেই সুবিধা পাবে।

আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। সেখানে তাঁর বৃদ্ধ বাবা-মা রয়েছেন। পারিবারিক জীবনে তাঁর তিন সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১০ বছর বয়সী ছেলে আকিব মায়ের কাছে থেকে পড়াশোনা করছে। দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাসের ছেলে সিয়াম।

পরিবারের পক্ষ থেকে তাঁর চাচা ইউসুফ আলী জানান, আসাদুজ্জামানের বাবা মো. আলাউদ্দিন ও মা হেনা বেগমের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর মৃত্যুর পর রেনাটার একজন কর্মকর্তা পরিবারকে আশ্বস্ত করেছেন যে, শারীরিকভাবে কর্মীকে হারালেও প্রাতিষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে সম্পর্ক বজায় থাকবে এবং পরিবার নিয়মিত বেতন পাবে।

এ উদ্যোগে আসাদুজ্জামানের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও ছোট সন্তানদের ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন ইউসুফ আলী।

সহায়তা পেতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজে পরিবারকে সহযোগিতা করছেন একই গ্রামের শিক্ষক আবদুল হান্নান। তিনি জানান, রেনাটার পক্ষ থেকে আগামী শনিবার পরিবারের সদস্যদের ঢাকায় যেতে বলা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হচ্ছে। তবে পরিবারের কোন সদস্য কী পরিমাণ অর্থ পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি।

রেনাটার মানবসম্পদ বিভাগের প্রধান নিসবাত আনোয়ার জানান, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নজির প্রতিষ্ঠানটির রয়েছে। অতীতেও এমন দুর্ঘটনায় কয়েকজন কর্মীকে হারানোর পর তাঁদের পরিবারকে মাসিক বেতন দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আসাদুজ্জামানের বিষয়টি এবার বেশি মানুষের নজরে এসেছে।

তিনি বলেন, কর্মীদের অবদানেই একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়। তাই কর্মীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে তাঁর বিপদে পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানের দায়িত্ব।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী