পোশাক কারখানাসহ শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা সদস্যদের মধ্যে সাভার ও আশুলিয়া এলাকায় দায়িত্ব পালন করছেন ১৪ প্লাটুন। এ ছাড়া রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিও চিত্রের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এজে