কক্সবাজারের সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কারণে মাদক পরিস্থিতির দায় নিজের ওপর চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, রোহিঙ্গা শরণার্থীদের আগমনের পর থেকেই ওই অঞ্চলে মাদকসংক্রান্ত সংকট তৈরি হয়েছে। সরকার এখন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা প্রতিক্রিয়া জানান। পরে তাঁর বক্তব্যের জবাব দিতে গিয়ে কক্সবাজারের মাদক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ সামনে আনেন সালাহউদ্দিন আহমদ।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। এটা আমাদের বহন করে যেতে হচ্ছে রোহিঙ্গা রিফিউজি আসার পর থেকে।’
বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, কিছু অম্লমধুর কথা হলেও জাতীয় ঐক্যের বিষয়ে তাঁর অবস্থানের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। সংসদে মতবিরোধ ও বিতর্ক থাকতেই পারে। তবে একই বিষয়ে বক্তব্য বা প্রশ্ন তোলার ক্ষেত্রে সংসদের কার্যপ্রণালি ও প্রচলিত রীতি মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক ও মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কয়েক দিন আগে সেনাবাহিনীর একজন সদস্য প্রাণ হারিয়েছেন। ওই অভিযানে জিম্মি অবস্থায় থাকা নারী ও শিশুসহ ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মাদক ও মানব পাচার রোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও যৌথভাবে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস