চেহারার মিল কখনো কাউকে রাতারাতি পরিচিত করে তুলতে পারে, আবার সেই পরিচিতিই ডেকে আনতে পারে বিপদ। এমনই এক পরিস্থিতিতে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক বাদাম ও মিষ্টি বিক্রেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার অদ্ভুত মিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এখন বয়কটের মুখে পড়েছে তার ব্যবসা।
সম্প্রতি ওই দোকানির মাত্র ৯ সেকেন্ডের একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিজের দোকানে বসে আছেন তিনি। তবে তার মুখাবয়ব ও শারীরিক গঠনের সঙ্গে নেতানিয়াহুর মিল দেখে বিস্মিত হন নেটিজেনরা।
এরপর থেকেই শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ তাকে নিয়ে হাস্যরস করছেন, কেউ আবার তার দোকানের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছেন। এমনকি অনেকে মজা করে তাকে ‘ইরানি নেতানিয়াহু’ আখ্যা দিয়ে তার দোকান থেকে পণ্য কেনার আগ্রহও প্রকাশ করেছেন।
তবে ভাইরাল হওয়ার এই ঘটনা শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীর জন্য স্বস্তির কারণ হয়নি। বরং ইরান-ইসরায়েল বৈরিতার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ তার দোকান বয়কটের আহ্বান জানিয়েছে। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলকেই এ বিরূপ প্রতিক্রিয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে।
আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা কর্মকাণ্ডের কারণে নয়, নিছক শারীরিক সাদৃশ্যের কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তেহরানের এই দোকানি। যে ভিডিও তাকে পরিচিতি এনে দিয়েছে, সেটিই এখন তার স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
সদ্য সংবাদ/এসএস